বাংলাদেশের রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যেসব শেফ নিরলসভাবে কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম শেফ জাহেদ। গত এক দশকে মধ্যপ্রাচ্যের শীর্ষ ফাইভ-স্টার হোটেল ও বিলাসবহুল রিসোর্টে কাজের অভিজ্ঞতা, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি এবং নতুন প্রজন্মের শেফদের নিয়ে কাজ করার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল বাংলাদেশি শেফ হিসেবে। শেফ জাহেদের পেশাদার যাত্রা শুরু হয় ২০১৬ সালে। দুবাইয়ের একটি স্বনামধন্য কালিনারি ইনস্টিটিউট থেকে ‘কালিনারি আর্ট’-এ ডিপ্লোমা সম্পন্ন করার পর তিনি যোগ দেন ফুজাইরাহর জনপ্রিয় ফাইভ-স্টার রিসোর্ট ‘লা মেরিডিয়ান আল আকাহ বিচ রিসোর্ট’-এ। সেখানেই আন্তর্জাতিক মানের কিচেন পরিচালনা ও আতিথেয়তা খাতের বাস্তব অভিজ্ঞতার ভিত্তি তৈরি হয় তার।
পরবর্তীতে তিনি ‘শেরাটন শারজাহ’সহ দুবাইয়ের কয়েকটি নামকরা পাঁচতারকা হোটেলে কাজ করেন। এই সময় বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও তারকাদের জন্য রান্না পরিবেশনের সুযোগ পান তিনি। তার অতিথি তালিকায় ছিলেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও অ্যান্থনি ক্যাপুয়ানো, বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও কারিশমা কাপুর, শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন এবং মরক্কো জাতীয় ফুটবল দলের সদস্যরা। দুবাইয়ে সফলতার পর শেফ জাহেদ পাড়ি জমান সৌদি আরবে। সেখানে তিনি ‘ম্যারিয়ট ডিপ্লোম্যাটিক কোয়ার্টার’ ও ‘ম্যারিয়ট রিয়াদ’-এ দায়িত্ব পালন করেন। পরে বিশ্বের অন্যতম বিলাসবহুল আতিথেয়তা ব্র্যান্ড ‘দ্য সেন্ট রেজিস রেড সি রিসোর্ট’-এ কাজের সুযোগ পান। একই ব্যবস্থাপনার আওতায় ‘নুজুমা রিটজ-কার্লটন রিজার্ভ’-এও কাজ করেন তিনি। সৌদি আরবে কর্মরত অবস্থায় দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং রাজপরিবারের সদস্যদের জন্য খাবার প্রস্তুত করেন।
এ ছাড়া ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও করিম বেনজেমাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার রান্নার স্বাদ গ্রহণ করেছেন। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের আতিথেয়তা শিল্পে ধারাবাহিক কাজ ও অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক মানের বাংলাদেশি শেফ হিসেবে পরিচিতি এনে দেয়।
২০২৪ সালের ডিসেম্বরে তিনি আয়ারল্যান্ডে যান। বর্তমানে সেখানে দু’টি আইরিশ রেস্টুরেন্টে কাজ করার পাশাপাশি লিমেরিকের শ্যানন কলেজ অব হোটেল ম্যানেজমেন্টে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। পেশাগত কাজের বাইরে নতুন প্রজন্মের শেফদের দক্ষ করে তুলতেও কাজ করছেন শেফ জাহেদ। ‘ঈড়ড়শরহম রিঃয ঔধযব’ নামের বাংলা ফেসবুক প্ল্যাটফরমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তিনি রান্না, স্কিল ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। শেফ জাহেদের বিশ্বাস, সঠিক প্রশিক্ষণ, পরিশ্রম ও দৃষ্টিভঙ্গি থাকলে বাংলাদেশের তরুণরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম।
