সমালোচনার মুখে বিশ্বকাপে ট্রেন যাত্রার ভাড়া কিছুটা কমলো

সমালোচনার মুখে বিশ্বকাপে ট্রেন যাত্রার ভাড়া কিছুটা কমলো

ফন্ট সাইজ:

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক দেশগুলোতে বেড়েছে আকাশচুম্বী খরচ। টিকিট মূল্য, যাতায়াত কিংবা আবাসন- প্রতিটি খাতেই খরচের বহর বাড়ছে পাল্লা দিয়ে। বিশেষ করে ফাইনাল ভেন্যু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামগামী দর্শকদের পকেট কাটতে বিশাল ভাড়ার প্রস্তাব দেয় স্থানীয় ট্রানজিট কর্তৃপক্ষ। তবে ব্যাপক সমালোচনার মুখে সেই প্রস্তাবিত ভাড়া কিছুটা কমানো হয়েছে। মেটলাইফ স্টেডিয়ামগামী যাত্রীদের জন্য বিশ্বকাপের সময় ট্রেনের রাউন্ড-ট্রিপ (যাওয়া-আসা) ভাড়া ১২ গুণেরও বেশি বাড়িয়ে ১৫০ ডলার নির্ধারণ করা হয়েছিল, যা সাধারণ সময়ে ছিল মাত্র ১২ ডলার। এই অস্বাভাবিক ভাড়া নিয়ে বিতর্ক শুরু হলে এখন তা কমিয়ে ১০৫ ডলার করা হয়েছে।
যদিও নতুন করে নির্ধারিত এই ভাড়াও সাধারণ সময়ের তুলনায় কয়েকগুণ বেশি।

ম্যানহাটনের পেন স্টেশন থেকে স্টেডিয়াম পর্যন্ত এই বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ থামছে না। নিউজার্সির গভর্নর মিকি শেরিলের মুখপাত্র স্টিভ সিগমুন্ড বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, গভর্নর ট্রানজিট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন বেসরকারি অর্থায়ন বা করদাতাদের ওপর চাপ না ফেলে এই ভাড়া আরও কমানো যায়।

গত মাসে স্টেট কর্তৃপক্ষ জানিয়েছিল, বিশ্বকাপের আয়োজন সংক্রান্ত বিশাল ব্যয় কিছুটা পুষিয়ে নিতে ট্রেনের টিকিটে এই অতিরিক্ত অর্থ নেয়া হবে। তবে ফিফা আগেই সতর্ক করে বলেছিল, নিউজার্সির উচ্চ পরিবহন ভাড়া বিশ্বকাপের ম্যাচগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্ক রাজ্যের হিসাব অনুযায়ী, মেটলাইফ স্টেডিয়ামের প্রতিটি ম্যাচে প্রায় ৪০ হাজার দর্শক গণপরিবহন ব্যবহার করবেন।

এর বড় কারণ হলো, স্টেডিয়ামে কোনো অন-সাইট পার্কিং সুবিধা থাকবে না। শুধুমাত্র পাশের ‘আমেরিকান ড্রিম মলে’ সীমিত সংখ্যক পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। ফলে দর্শকদের ট্রেনের ওপরই প্রধানত নির্ভর করতে হবে। আশ্চর্যের বিষয় হলো, বিশ্বকাপের অন্য আয়োজক শহর যেমন লস অ্যানজেলেস, ডালাস ও হিউস্টনে যাতায়াত ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। কেবল মেটলাইফ স্টেডিয়াম ঘিরেই এই বাড়তি খরচের বোঝা চাপানো হচ্ছে দর্শকদের ওপর।

মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯শে জুলাইয়ের ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া, ১৩ই জুন থেকে সেখানে শুরু হবে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের মতো পরাশক্তি দলগুলোর গ্রুপ পর্বের লড়াই।

ট্যাগসমূহ:

সায়েদ আব্দুল্লাহ যীশু Sayed Abdullah Jisue

১ মাস আগে

ক্ষমতাঘর রাষ্ট্র হওয়ায় এদের সমালোচনা কম। কোন মুসলিম রাষ্ট্র এভাবে ভাড়া বাড়ালে সমালোচনার ঝড় উঠে যেতো।

মন্তব্য করুন