ডিজিটাল সংযোগের আওতায় এসেছে মৌলভীবাজারের কুলাউড়া ও সদর উপজেলার দুই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারের তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে চলতি অর্থবছরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর আগে গত ৭ই মে কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে ১১১টি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা সেলিম বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- প্রকল্প পরিচালক তানজিলা ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন। এদিকে একই প্রকল্পের ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শতাধিক শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
জেলা সদরের এই কার্যক্রমটি সার্চ আইটির সিটিও (ঈঞঙ) বলিষ্ঠ নেতৃত্বে ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। পুরো কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘সার্চ আইটি’। প্রতিষ্ঠানের সিইও মৃণাল কান্তি সরকার জানান- চলতি অর্থবছরে এই কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়েছে। কুলাউড়া ও সদর উপজেলার পাশাপাশি আগামীতে পর্যায়ক্রমে জেলার সকল প্রাথমিক বিদ্যালয় এই ডিজিটাল সংযোগের আওতায় আসবে। এ ছাড়া সরকারি খরচে উচ্চগতির ইন্টারনেটসহ সকল ডিজিটাল সেবা প্রদান করা হবে।
