ধুনটে আওয়ামী লীগ নেতার মারধরে বিএনপি কর্মী আহতের অভিযোগ
হামলার শিকার শফিকুল ইসলাম খান

ধুনটে আওয়ামী লীগ নেতার মারধরে বিএনপি কর্মী আহতের অভিযোগ

ফন্ট সাইজ:


বগুড়ার ধুনটে আওয়ামী লীগের এক ওয়ার্ড নেতার মারধরে শফিকুল ইসলাম খান (৫০) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের চাচাতো ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।



অভিযুক্ত আওয়ামীলীগ নেতা খোকন


অভিযোগ সূত্রে জানা যায়, বহালগাছা গ্রামের মৃত ফজর খানের ছেলে ও চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শরিফুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে এলাকায় লেয়ার মুরগির খামার পরিচালনা করে আসছেন। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধ ও জমির ক্ষতি নিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম খানের সঙ্গে তার বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। এর জেরে বুধবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শরিফুল ইসলাম খোকন লোহার রড ও বাটাম দিয়ে শফিকুল ইসলাম খানকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তার শ্যালো মেশিন ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। শফিকুলের ছেলে সোহান খান এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় শরিফুল ইসলাম খোকন ও তার ভাই খায়রুজ্জামানকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতের ছেলে সোহান খান বলেন, অভিযুক্ত খোকন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোকন আন্দোলনকারী শিক্ষার্থীদের নামের তালিকা থানায় দিয়েছিলেন। এছাড়া শিক্ষার্থীদের হেনস্থা ও বিশ্বহরিগাছা বাজারে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করার অভিযোগও করেন তিনি। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুস শুকুর বলেন, অভিযোগের বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন