অস্ট্রেলিয়ায় সদ্যপ্রয়াত বাংলাদেশি শিক্ষার্থী নওশিন নাওয়ার উর্বির মরদেহ আগামীকাল শনিবার দেশে পৌঁছাবে। আজ শুক্রবার রাত ১১টার মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উর্বির মরদেহটি পাঠানো হবে। উর্বির হসপিটালের খরচ, মরদেহ ফিউনারেল ও দেশে পাঠানোর জন্য সংগৃহীত তহবিলের হিসাবসহ ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশি কমিউনিটি হেল্প সেন্টার।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি হেল্প সেন্টারের উদ্যোগে প্রয়াত উর্বির হাসপাতাল থেকে শুরু করে জানাজা ও মরদেহ দেশে পাঠানোর যাবতীয় ব্যবস্থা করা হয়।
অস্ট্রেলিয়া বাংলাদেশি কমিউনিটি হেল্প সেন্টারের এডমিন সিএইচ মাহবুবুর রহমান প্রান্ত জানিয়েছেন, বাংলাদেশসহ অন্যান্য কমিউনিটির সহায়তায় এ পর্যন্ত মোট ১৬,৯৮০.৯৯ অস্ট্রেলিয়ান ডলার একাউন্টে জমা হয়েছে। এই অর্থের মধ্যে ১৩,৭৩৩.৫০ ডলার ইতোমধ্যে ফিউনারেল সার্ভিস বাবদ পরিশোধ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইনভয়েস ও ব্যাংক স্টেটমেন্টও সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া অবশিষ্ট ৩,২৪৭.৪৯ ডলার একই ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে কমিউনিটির জরুরি সহায়তা ও সংকট মোকাবিলার কাজে ব্যবহার করা হবে।
