ইংল্যান্ডের প্রথম বিদেশি নির্বাচক হচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা

ইংল্যান্ডের প্রথম বিদেশি নির্বাচক হচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা

ফন্ট সাইজ:

ইংলিশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি হতে যাচ্ছে। জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে কোনো ইংলিশ বংশোদ্ভূত ক্রিকেটার নয়, বরং একজন সাবেক অস্ট্রেলিয়ানকে বেছে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ৪৬ বছর বয়সী সাবেক অজি মিডল অর্ডার ব্যাটার মার্কাস নর্থ হতে যাচ্ছেন ইংল্যান্ডের প্রথম বিদেশি নির্বাচক। ইতিমধ্যে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে ইসিবি।

ইএসপিএনক্রিকইনফো ও ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এ পদের জন্য দৌড়ে ছিলেন ইংল্যান্ডের দুই সাবেক পেসার ড্যারেন গফ ও স্টিভেন ফিন। তবে প্রশাসনিক কাজে দীর্ঘ অভিজ্ঞতা এবং কাউন্টি ক্রিকেটে ডারহামের ক্রিকেট পরিচালক হিসেবে সাফল্যের কারণে তাদের পেছনে ফেলেছেন নর্থ। গত অ্যাশেজে ভরাডুবির পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা লুক রাইটের স্থলাভিষিক্ত হবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২১টি টেস্ট খেলা নর্থের সঙ্গে ইংলিশ ক্রিকেটের সম্পর্ক বেশ পুরনো। কাউন্টি ক্রিকেটে ছয়টি ভিন্ন দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৮ থেকে ডারহামের ক্রিকেট পরিচালক হিসেবে দলটির পুনর্গঠনে অনবদ্য ভূমিকা পালন করেন তিনি। শুধু ডারহামের পুরুষ দলেরই নয়, ২০২৫ সালের শুরু থেকে ক্লাবটির নারী দলের দায়িত্বেও আছেন নর্থ। বিশেষ করে, টেস্ট অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে তার দারুণ বোঝাপড়া এবং কাজের অভিজ্ঞতা নির্বাচক হিসেবে তাকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

আগামী জুন মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে ইংল্যান্ড। নতুন নির্বাচক হিসেবে সেই দল নির্বাচনী সভাতেই প্রথম উপস্থিত থাকার কথা রয়েছে নর্থের। তবে জাতীয় দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেয়ার আগে তাকে ডারহামের বর্তমান পদটি ছেড়ে দিতে হবে।

২০০৯ থেকে ২০১০ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২১টি টেস্ট, দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেন নর্থ। তিনি। ক্যারিয়ারের পাঁচ টেস্ট সেঞ্চুরির দুটিই তিনি করেন ২০০৯-এর অ্যাশেজে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন