যশোরের অভয়নগরে ব্যবসায়ী হাজী আনিসুর রহমান ওরফে বড় আনিস (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নওয়াপাড়া বাজারের বোয়ালমারী গ্রামে তার নিজ বাড়িতে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নওয়াপাড়া শিল্পনগরীতে ধর্মঘটসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন সাধারণ ব্যবসায়ীরা। নিহত আনিসুর নওয়াপাড়ার জয়েন ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী ও নওয়াপাড়া বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, নওয়াপাড়া পীরবাড়ির সামনে আনিসুর রহমানের আনিস প্লাজা নামে ৬ তলা একটি ভবন রয়েছে। ওই ভবনের ফ্ল্যাট ভাড়া দেয়া নিয়ে শাহ মাহমুদ হাসান (৩৮) নামে একজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বুধবার রাতে ভবনের সামনে কথাকাটাকাটির একপর্যায়ে শাহ মাহমুদ হাসানসহ অজ্ঞাতনামা ২/৩ জন আনিসুরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
