নবীগঞ্জে হাওরে ধান দেখতে গিয়ে নিখোঁজ, দু’দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া হাওরে জমির ধান দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুবাই প্রবাসী আব্দুর রউফ (৫০)। গতকাল বৃহস্পতিবার সকালে আগের হাওর সংলগ্ন কাটমা বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে হাওরের উদ্দেশ্যে যান এ প্রবাসী।

এরপর আর বাড়ি ফেরেননি। নিখোঁজ প্রবাসী আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম (নিশাকুঁড়ি) গ্রামের মৃত রাজত উল্লাহ্‌র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে জমির তলিয়ে যাওয়া ধান দেখার জন্য হাওরে যান আব্দুর রউফ। ওইদিন বেলা গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরও বাড়ি না ফেরায় তার ছোট ছেলে হাওরে খুঁজতে যান। সেখানে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এলাকার মসজিদে মাইকিং করানো হয়।

এরপর স্থানীয়দের মাঝে জানাজানি হলে কয়েকশ’ মানুষ ওইরাতেই নৌকাযোগে হাওরে যান। কিন্তু তার কোনো সন্ধান পাননি। পরদিন বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দিনব্যাপী হাওরে অভিযান চালালেও সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে পূর্বের হাওর সংলগ্ন কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ আব্দুর রউফের মরদেহ বলে শনাক্ত করেন। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন