ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ, সরকারি মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল সকালে ‘রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়। স্মারকলিপি প্রদানকালে কমিটির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্শ্ববর্তী জেলা মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল যোগাযোগ থাকলেও ঝিনাইদহ সদর এখনো অবহেলিত। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এখানে মেডিকেল কলেজ বা উচ্চশিক্ষার জন্য কোনো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। এ ছাড়া জেলার মধ্যদিয়ে প্রবাহিত নবগঙ্গা নদী সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণেরও জোর দাবি জানান তারা।
এ সময় কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, প্রভাষক কামাল হোসেন, এডভোকেট আসাদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
