বোরো ক্ষেতে পাতাপোড়া রোগের প্রাদুর্ভাব

ফন্ট সাইজ:

নীলফামারীর কিশোরগঞ্জে চলতি বোরো মৌসুমে মাঠে মাঠে বোরো ধানে ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া (বিএলবি) রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, এ সংকটময় সময়ে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের তেমন উপস্থিতি নেই। ফলে রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সঠিক পরামর্শ পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে কৃষকরা কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শে বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করেও কাক্সিক্ষত ফল পাচ্ছেন না। এতে একদিকে যেমন বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে ফলন হারানোর শঙ্কাও বাড়ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বিশেষ করে বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া ও জয়ননকোট ব্লকের বিস্তীর্ণ এলাকার বোরো ক্ষেতে এ রোগ ছড়িয়ে পড়েছে। অনেক কৃষকের জমিতে ধানের পাতা ঝলসে গিয়ে পুরো ক্ষেত বিবর্ণ হয়ে পড়েছে। বোরো চাষি শামসুল হক জানান, ধানের শীষ বের হওয়ার পর হঠাৎ করেই সবুজ পাতা শুকিয়ে পুরো ক্ষেতে পোড়া রঙ ধারণ করেছে। কৃষি অফিসের কাউকে না পেয়ে দোকানদারের পরামর্শে কয়েক দফা কীটনাশক ব্যবহার করেও কোনো লাভ হয়নি।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, কয়েকদিন আগে ঝড়-বৃষ্টির কারণে কিছু জমিতে ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগের আক্রমণ দেখা দিয়েছে। তবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন