চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

তিস্তা, রোহিঙ্গা ও কৌশলগত সম্পর্কে জোর

ফন্ট সাইজ:

চীনে তিনদিনের রাষ্ট্রীয় সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নতুন সরকার গঠনের পর এই প্রথম বেইজিং সফর করলেন বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। ঢাকা-বেইজিংয়ের এবারের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

ড. খলিলের সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন ড. খলিলুর রহমান। বেইজিং ও ঢাকার তথ্যমতে, চীনের আমন্ত্রণেই ৫ থেকে ৭ই মে নিজের প্রথম সরকারি সফরে চীন গেলেন ড. খলিল। বৈঠকে দুই দেশ রাজনৈতিক আস্থা বৃদ্ধি, উন্নয়ন কৌশলের সমন্বয় এবং চীন-বাংলাদেশের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বৈঠকে বাংলাদেশ আবারো ‘এক চীন নীতি’র প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ঢাকা স্পষ্টভাবে জানিয়েছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং বেইজিংই সমগ্র চীনের একমাত্র বৈধ সরকার। বিপরীতে চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, ডিজিটাল অর্থনীতি, পানিসম্পদ ও স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। একই সঙ্গে বাংলাদেশ তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) চীনের সক্রিয় সম্পৃক্ততা ও সমর্থন কামনা করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। উভয় দেশ অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে চীন জানিয়েছে, রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলমানদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপভিত্তিক সমাধানে বেইজিং সমর্থন অব্যাহত রাখবে এবং নিজেদের সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা দেবে।

সফর শেষে ড. খলিলুর রহমান চীনা সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ওয়াং ই’কে আমন্ত্রণ জানান। গত মঙ্গলবার চীন যান বাংলাদেশের প্রতিনিধিদল। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল হুয়াসিয়াং।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন