প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবি’র নির্বাহী পরিচালক ও ওয়াক্‌ফ প্রশাসকের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পৃথকভাবে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক। দেশকে দুর্নীতিমুক্ত করতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার সরকারের নীতি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। সাক্ষাতের সময়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উপস্থিত সাংবাদিকদের কাছে ইফতেখারুজ্জামান বলেন, সুশাসন এবং দুর্নীতিবিরোধী বিষয়ে আমরা সরকারকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন হওয়া জরুরি-এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।

তিনি বলেন, বর্তমান সরকার বিশ্ব জুড়ে এই বার্তা দিতে চায় যে, তারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এবং অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছে টিআইবি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এই সম্মেলন বাংলাদেশে করার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন হয়। চলতি বছর সম্মেলন হবে ডোমিনিকান প্রজাতন্ত্রে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়া এই আয়োজন করেছে। আমরা মনে করি, ২০২৮ সালের সম্মেলন বাংলাদেশে আয়োজনের উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ আয়োজনের চেষ্টা করবে।
দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের বিষয়টিও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান টিআইবি প্রধান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সাক্ষাতের সময়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। সারা দেশে ওয়াক্‌ফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও জনকল্যাণে এর ব্যবহারে নানাবিধ কাজ করে বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন