মৌলভীবাজারে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ

মৌলভীবাজারে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ

ফন্ট সাইজ:

মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। বুধবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুসুমবাগ এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাদের একটি কভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের ভেতর থেকে অবৈধ পথে ভারত থেকে আসা শাড়ি, কম্বলসহ বিভিন্ন জাতের কসমেটিক উদ্ধার করা হয়।

গত ২৪শে এপ্রিল রাতেও শ্রীমঙ্গল এসএ পরিবহন অফিসে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মৌলভীবাজারে ওই কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ৬ই এপ্রিল রাতে ভারতীয় অবৈধ জিরার সন্ধানে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ একটি পিকআপভ্যান থেকে নামানোর সময় প্রায় ৩০ বস্তা জিরা জব্দ করে। পরে ওই চক্র ২০২৫ সালের ১০ই অক্টোবরের আদালতের কিছু কাগজ পুলিশকে দেখিয়ে ভারতীয় জিরার বস্তাগুলো কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠায়। দীর্ঘদিন সীমান্তবর্তী এ জেলায় চোরাকারবারিরা নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে।

তারা মৌলভীবাজার শহরের এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিরাপদ লেনদেন করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ রয়েছে। চোরাকারবারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে এ রুট ব্যবহার করে ভারতীয় পণ্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, চোরাই পথে আনা এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দ মালের তালিকার কাজ চলছে। তালিকা শেষ হতে আরও একদিন লাগবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন