বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মোজাহিদুল ইসলাম (৪৫) নামে এক দোকানিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্ত বায়োজিদ ইজাদ্দারকে আটক করেছে পুলিশ। নিহত মোজাহিদুল উপজেলার হিজলা পশ্চিমপাড়া গ্রামের সরোজান মোল্লার ছেলে।
নিহতের স্বজন শহিদুল ইসলাম জানান-বৃহস্পতিবার সকালে হিজলা গ্রামের মুদি দোকানি মোজাহিদুলের সঙ্গে প্রতিবেশী বাদশা ইজাদ্দারের ছেলে বায়োজিদ ইজাদ্দারের জুস কেনা নিয়ে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে বায়োজিদ উত্তেজিত হয়ে ধারালো কাস্তে দিয়ে মোজাহিদুলকে গলা কেটে হত্যা করে। চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান- এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
