কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে ১৫ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

কক্সবাজারে হামের আগ্রাসন কমছে না। হামে আক্রান্ত হয়ে গত ১ মাস ৭ দিনে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বুধবার কক্সবাজার জেলার ২ শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় ৪১ জনসহ জেলার মোট ৭টি হাসপাতালে ভর্তি আছে ১৪৭ জন। এসব তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়। গত বুধবার বিকালে প্রতিষ্ঠানের পরিসংখ্যান বিভাগের দেয়া তথ্য মতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ২ শিশুর হামে আক্রান্ত বলে ল্যাবে নমুনা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

এ ছাড়া জেলায় হামের উপসর্গ নিয়ে ২৯শে মার্চ থেকে এ পর্যন্ত ১ রোহিঙ্গাসহ আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ সময়ের মধ্যে সন্দেহজনক ১৩ জনসহ ১৫ জনের মৃত্যু হলো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুর মধ্যে একজন চকরিয়া উপজেলার মিজানের কন্যা তানিশা (২) কে গত ১২ই এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে ১৩ই এপ্রিল মারা যায়। অপর শিশু রামু উপজেলার সরওয়ারের ১১ মাস বয়সী কন্যা তুবাকে ভর্তি করা হয়েছিল ১৬ই এপ্রিল। সে মারা যায় ১৮ই এপ্রিল। ৫ই মার্চ ঢাকা থেকে পাঠানো ল্যাবের নমুনা পরীক্ষায় হামে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। এর আগে এক রোহিঙ্গাসহ ১৩ শিশুর মৃত্যু হয়। এর মধ্যে রামু উপজেলায় ৬ জন, কক্সবাজার সদর উপজেলা ২ জন, কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ায় ১ জন করে ৪ জনের মৃত্যু হয়। কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য বলছে- গত ২৪ ঘণ্টা ৪১ জনসহ জেলার মোট ৭টি হাসপাতালে ভর্তি আছে ১৪৭ জন। অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৮১, চকরিয়ায় ১৫, পেকুয়ায় ৫, উখিয়ায় ১৮, টেকনাফে ১২, রামুতে ৩ এবং মহেশখালীতে ১৩ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৯শে মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৫০০ জন। এর মধ্যে ৩৬৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। ঢাকা থেকে প্রেরিত নমুনা পরীক্ষায় ১১৯ জনকে হামে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন