যশোরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ভোরে যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি, চৌগাছা উপজেলা কয়েরপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে আব্দুল গনি ও যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল।
যশোর ৪৯-ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন স্বর্ণের একটি চালান ঢাকা থেকে যশোর অভিমুখে আসছে। এরপর বিজিবি’র একটি টিম যশোর- নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজে অবস্থান নেয়। এবং সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০) থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ওই গাড়ির সিটে থাকা কুশনের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম। যার বাজার মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।
আটক করা হয় ৩ স্বর্ণ চোরাকারবারিকে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
