ঝালকাঠিতে অফিস কর্মচারীদের হাত-পা বেঁধে উলঙ্গ করে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শামীম আহমেদ ওরফে জর্দ্দা শামিম ও আরিফ হোসেনকে রংপুরে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজার এলাকার শাহী জর্দা কোম্পানির অফিস থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। এসময় ৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার শামীম আহমেদ একজন পলাতক আসামী। তার বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। আসামীদের বিরুদ্ধে সদর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ঝালকাঠির শামীম আহমেদ একজন ব্যবসায়ী হলেও তার কর্মকাণ্ড এবং জীবনযাপন নিয়ে অনেক আলোচনা ও বিতর্ক রয়েছে। এলাকায় বিভিন্ন জমি দখল, টর্চার সেলে নারী-পুরুষদের আটকে রেখে নির্যাতন এবং ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শামীম স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য ও হাট-বাজার নিয়ন্ত্রণে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করতেন। এলাকায় ব্যক্তিগত ক্যাডার বাহিনী পালন এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভীতি তৈরির অভিযোগও আছে তার বিরুদ্ধে।
