টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচে থাকার লক্ষ্য শান্তর

টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচে থাকার লক্ষ্য শান্তর

ফন্ট সাইজ:

সাদা বলের ক্রিকেটে ব্যস্ততার পর টেস্ট ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) নতুন চক্রে পা রাখতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল মিরপুরে প্রথম ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, এবার তার লক্ষ্য ডব্লিউটিসি টেবিলের শীর্ষ পাঁচে থাকা।

গত চক্রে নবম থেকে উন্নতি করে সাতে থেকে শেষ করে টাইগাররা। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার আরও দুই ধাপ এগিয়ে আসতে চান শান্ত। তিনি বলেন, ‘গত দুই বছর আমরা ভালো খেলেছি। সাত নম্বরে শেষ করেছি। ধীরে ধীরে এই জায়গায় উন্নতি হচ্ছে, যেটা আগে হয়নি। এটা ভালো অর্জন। এবার লক্ষ্য থাকবে আরও ভালো করার। চার বা পাঁচে থাকতে পারলে খুবই ভালো লাগবে।’ তবে এই যাত্রায় চ্যালেঞ্জটা যে পাহাড়সম, তা মেনে নিচ্ছেন খোদ অধিনায়কও। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে, যা আমাদের জন্য নতুন হবে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর আছে। হোম সিরিজ খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করবো। দল এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে।’

শান্ত আরও বলেন, ‘অবশ্যই পেস বোলাররা সহায়তা করবে। স্কিলের দিক থেকে ওরা অনেক উন্নতি করেছে। যেকোনো কন্ডিশনে এখন ভালো বল করছে, বিশেষ করে সাদা বলে। ক্যাপ্টেন হিসেবে চাইবো হোম ম্যাচ জিততে। আর ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে সবসময় ভালো করতে চাই। চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে এই চক্র আরও ভালো যাবে।’

আগামীকাল মিরপুরে সকাল ১০টায় শুরু হবে প্রথম ম্যাচ। এরপর আগামী ১৬ই মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন