মালয়েশিয়ার নৌবাহিনীর জন্য কেনা নরওয়েজিয়ান নেভাল স্ট্রাইক মিসাইল (এনএসএম) সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নরওয়ে সরকার, যা কার্যত ২০১৮ সালে সই হওয়া চুক্তিটি বাতিলের শামিল। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওসলোর সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির মালয়েশিয়ান ডিফেন্স ডিফেন্সের বরাতে ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খালেদ নরদিন এক বিবৃতিতে জানিয়েছেন, নরওয়ের কোম্পানি কংসবার্গ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এএস-এর সাথে নৌবাহিনীর লিটোরাল কমব্যাট শিপের জন্য ক্ষেপণাস্ত্র সংগ্রহের একটি চুক্তি বিদ্যমান থাকলেও নরওয়ে সরকারের অবস্থান পরিবর্তনের বিষয়টি মালয়েশিয়া গুরুত্বের সাথে আমলে নিয়েছে।
ফ্রি মালয়েশিয়া টুডে (এফএমটি), মালয়েশিয়ান ডিফেন্স-এর বরাতে আরও জানিয়েছে, নরওয়ে কংসবার্গের এনএসএম মালয়েশিয়ায় সরবরাহ নিষিদ্ধ করেছে, যা কার্যত ২০১৮ সালের সরবরাহ চুক্তি বাতিল করে দিয়েছে। একইসাথে গত বছর লাংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস (লিমা) প্রদর্শনীতে ঘোষিত আরো দুটি এনএসএম লঞ্চারের অর্ডারও বাতিল হয়ে গেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিল্প সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়ান ডিফেন্স জানিয়েছে, গত ২০ এপ্রিল ডিফেন্স সার্ভিসেস এশিয়া ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া প্রদর্শনীর প্রথম দিনে নরওয়েজিয়ান কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী খালেদ নরদিনকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফ্রি মালয়েশিয়া টুডে লিখেছে, প্রতিরক্ষামন্ত্রী খালেদ নরদিন বলেছেন, "মালয়েশিয়া সরকার নরওয়ে সরকারের কাছ থেকে ব্যাখ্যা পেতে এবং যথাযথ পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য কূটনৈতিক চ্যানেল ব্যবহার করবে।" তিনি আরও বলেছেন, দেশের প্রতিরক্ষা প্রস্তুতি ও কৌশলগত চাহিদা যাতে বিঘ্নিত না হয় এবং নরওয়ের সাথে দীর্ঘদিনের ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে অটুট থাকে, তা নিশ্চিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করে যাবে।
