নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১৩

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র তিন সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার সকালে আদমজীতে র‌্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‌্যাবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ৬ তলা ও একটি দোতলা বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

এসময় দুই বাড়িতে তল্লাশি করে মাদকের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, চাইনিজ কুড়াল ৭টি, রামদা ২টি, চাপাতি ৩টি, সিসি ক্যামেরা ৪টি, ড্রোন ১টি, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলোÑ মো. সোহেল রানা (৪০), মো. আঃ রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), মো. শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), মো. ইমন প্রধান (২৬), মো. আকাশ (৩০), মো. রুবেল (৩৭), মো. আরাফাত হোসেন (২৮), মো. সুজন (৩২), মো. হৃদয় মিয়া (৩২), মো. টুটুল খান (৩৮), মো. রেজাউল করিম (৪৮)। তারা সকলে মাসদাইর এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।

এ ছাড়া র‌্যাবের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার হামলায় আহত র‌্যাব সদস্যরা হলেনÑইব্রাহিম, মাহী ও নাজিবুল। তাদের মধ্যে নজিবুল গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবং অপর দুজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন