অপপ্রচারের প্রতিবাদে যশোর জেলা যুবদলের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা যুবদল। গতকাল বিকালে যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু, কবির হোসেন বাবু, তানভীর রায়হান তুহিন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, বাকীউজ্জামান রানা, দিপু, গোলাম মোস্তফা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, যুবনেতা মেহেদী হাসান মিন্টু ওরফে হাজী মিন্টু, বাবুল হোসেন বাবুল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর জেলা যুবদলের মধ্যে ঘাপটি মেরে থাকা গুপ্ত ও সুপ্ত নেতারা ৫ই আগস্টের পরে সরব হতে শুরু করে।

তারা দলীয় পদ-পদবি ব্যবহার করে দলকে ক্ষতিগ্রস্ত করতে নানা রকম তৎপরতা শুরু করে। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এসব নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করাসহ নানা সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার কারণে বহিষ্কৃত এসব নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে নানা রকম মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সরবরাহ করে সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফরম ব্যবহার করে দলের ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে মেতে ওঠে। যা সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবহিত আছেন। বিষয়টি নিয়ে একাধিক তদন্ত কমিটিও করা হয়েছে।

এসব কমিটি সরজমিন তদন্ত করে এসব ঘটনার কোনো সত্যতা পায়নি। তারপরও ওই পরাজিত শত্রুদের চক্রান্ত থেমে নেই। আজকের এই সম্মেলন থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যশোর জেলা যুবদলের কোনো নেতাকর্মী সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত নয়। যদি কেউ এই ধরনের অপরাধমূলক এবং অসামাজিক কর্মকাণ্ডে যুবদলের কোনো নেতাকর্মী বা দলের কোনো নেতার জড়িত থাকার প্রমাণ দিতে পারেন তাহলে রাষ্ট্রীয় আইন ও দলীয় কাঠামোর মধ্যে যে সর্বোচ্চ শাস্তির বিধান আছে তা আমরা মাথা পেতে মেনে নেবো। তবে এই ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মনগড়া তথ্য প্রচারের বিষয়ে সাংবাদিকদের আরও সচেতন থাকা দরকার বলে নেতৃবৃন্দ দাবি করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন