ভাঙ্গায় দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য খামার ধ্বংস অর্ধকোটি টাকার ক্ষতি

ভাঙ্গায় দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য খামার ধ্বংস অর্ধকোটি টাকার ক্ষতি

ফন্ট সাইজ:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকন বাড়িয়া গ্রামে দুর্বৃত্তদের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক মৎস্য চাষি। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে একটি মাছের খামারের প্রায় সব মাছ নিধন করেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি আনোয়ার মাতুব্বর জানান, তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমির উপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তার পুকুরে বিষ ঢেলে দেয়। পরদিন সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান শত শত মাছ মরে পানির উপর ভেসে উঠেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে ভিড় করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী, জিলুর রহমান, দেলোয়ার জমাদার ও ডা. শাহিনসহ অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী আনোয়ার মাতুব্বর জানান, তিনি ইতিমধ্যে বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর এবং ভাঙ্গা থানাকে অবহিত করেছেন। তিনি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান জানান, বিষয়টি ক্ষতিগ্রস্ত কৃষকের মাধ্যমে জেনেছি। পরে তদন্তসাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন