রাজশাহী অঞ্চলে থামছেই না হামের প্রকোপ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১ জনসহ এখন পর্যন্ত ৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১১ শিশু। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১৩ জন শিশু বাড়ি ফিরেছে। এ ছাড়া হাসপাতালের শিশু বিভাগে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন ১১১ শিশু। ডা. শঙ্কর কে বিশ্বাস আরও জানান, এ পর্যন্ত হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে মোট ভর্তি হয়েছে ৯৩৯ শিশু। এর মধ্যে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭৩ শিশু। হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি বলে তিনি মনে করেন।
