বকেয়া বেতন-ভাতার দাবিতে রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতার দাবিতে রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভ

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী তুলা কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইসগেট এলাকার নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় সাত শতাধিক শ্রমিক কাজ করেন। চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন-ভাতা পরিশোধ না করায় তারা মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই ঠিকমতো খাবার জোগাড় করতে পারছেন না। দোকানিরা বাকিতে পণ্য দিচ্ছেন না এবং বাড়িওয়ালারাও ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে বেতন-ভাতা দেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। পরে তারা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের দ্বারস্থ হন।

সেখানে মালিকপক্ষ ৬ই মে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। তবে বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া পরিশোধের দাবি জানালে মালিকপক্ষ অপারগতা প্রকাশ করে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এদিকে শ্রমিকরা অভিযোগ করেন, মালিকপক্ষের পক্ষে স্থানীয় আব্দুল লতিফ নামে এক ব্যক্তি তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়েছেন। এ ঘটনারও বিচার দাবি করেছেন তারা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, “শ্রমিকদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছে।”

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন