রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে ব্যবহারে অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত দুই নেতা হলেন- রাজশাহী নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম। গতকাল এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আরডিএ কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনের নীতি আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, সিসিটিভি ফুটেজে তাদের সম্পৃক্ততা স্পষ্টভাবে দেখা গেছে। তাই কারণ দর্শানোর নোটিশের অপেক্ষা না করে তাদের বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আরডিএ ভবনে পুলিশের সামনে দরপত্র বাক্স ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। কয়েক মিনিট পর ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় ভবনের সামনে কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল।
