ব্যবসায়ী অপহরণের ঘটনায় সিরাজগঞ্জে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ী অপহরণের ঘটনায় সিরাজগঞ্জে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বালু ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত দুজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে ভোর রাতে উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্বপনের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

গ্রেপ্তাররা হলেন-রায়গঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) ও তার সহযোগী রাকিব হাসান (২৪)।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম বগুড়া শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। যুবদল নেতা তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এ চাঁদা দিতে অস্বীকার করায় নানা ধরনের হুমকি-ধামকি দেন।

এক পর্যায়ে গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড তৌকিরসহ কয়েকজন মিলে তার গতিরোধ করে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেন তারা। পরে তাকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও পরবর্তীতে ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে আটকে রাখে। সেখান থেকে তার পরিবারের কাছে ফোন করে আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন