ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের ১১ নেতা

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ নেতার নাম পাওয়া গেছে। এ নিয়ে চলছে দলের ভেতর ও বাইরে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গত ১লা মে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক করা হয়েছে তানভীর আব্দুল্লাহ ও সদস্য সচিব মেহেদী হাসানকে।

তবে এই কমিটিতে মেডিকেল কলেজ শাখার বাংলাদেশ ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা জায়গা পেয়েছেন। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু, সাব্বির আহমেদ সৌরভ। এ ছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছে মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা।

২০২৩ সালের ৭ই অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রদলে পদধারী ১১ নেতা সদস্য হিসেবে জায়গা পেয়েছিলেন। এ বিষয়ে মেডিকেল কলেজ শাখার সদস্য সচিব মেহেদী হাসান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমানে মেডিকেলের কিডনি বিভাগের প্রধান ডা. আসাদুজ্জামান রতন বলেন, সদ্য ঘোষিত মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা ঢুকে গেছে, বিষয়টি সাবেক ছাত্রদল নেতারা কিছুতেই মানতে পারছেন না এবং এটা আমাদের জন্য খুবই বিব্রতকর। কমিটি করার আগে অবশ্যই যাচাই বাছাই করে ঘোষণা দেয়া উচিত ছিল।

সাবেক ছাত্রদল নেতা ও ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ার মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে যা দেখতে পেলাম এটা যদি সত্যি হয়ে থাকে তবে আমাদের জন্য খুবই দুঃখজনক। ভবিষ্যতে এটা দলের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমাদের অঙ্গসংগঠনে ত্যাগী নেতাকর্মীর তো কোনো অভাব নাই। তাহলে কেন নিষিদ্ধ ছাত্রলীগ থেকে হায়ার করে এনে কমিটিতে ঢোকাতে হবে- এটা আমরা বুঝতে পারছি না।

এ বিষয়ে কেন্দ্রীয় কমিটি অবশ্যই ব্যবস্থা নেবে- এটাই প্রত্যাশা করছি। এ বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, কেন্দ্রীয় ছাত্রদল কমিটি ঘোষণা করেছে। তবে, কমিটিতে বিতর্কিতরা স্থান পেয়েছে। তাদের বিরুদ্ধে কেন্দ্র ইতিমধ্যে তথ্য পেয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে কথা বলে যেসব কমিটি নিয়ে বিতর্ক রয়েছে তাদের ডেকে আনবো। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে যে ঘটনা ঘটেছে এটি অবশ্যই নিন্দনীয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন