পশ্চিমবঙ্গে বিজেপি’র মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক হবে পরিষদীয় দলের বৈঠকে। ইতিমধ্যেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পরিষদীয় দলের বৈঠকে পাঠানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে রাজনাথ সিংও আসছেন কলকাতায়। ফলপ্রকাশের পরের দিন মঙ্গলবার বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভায় দলের পরিষদীয় দলনেতা বাছার প্রক্রিয়ায় পর্যবেক্ষক করা হয়েছে অমিত শাহকে। সহকারী পর্যবেক্ষক হিসেবে ওড়িষার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে দায়িত্ব দেয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
যেকোনো রাজ্যে নির্বাচনের ফল প্রকাশের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব। তারা দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করা হয়। এবার বিধানসভার অন্দরে বিজেপি’র ভূমিকা বদলাতে চলেছে। বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকার পক্ষের ভূমিকায় থাকবে। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একইসঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।
বিজেপি’র এই বিরাট জয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অবশ্যই সবচেয়ে এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপি’র এই বিরাট জয়ের অন্যতম কারিগর তিনি। রাজ্যে আজ যে ধর্মীয় মেরূকরণ, প্রতিষ্ঠান বিরোধিতা, এসব তৈরির নেপথ্যে তিনি। তাছাড়া তিনি নিজে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জিতেছেন। হারিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শুভেন্দু অধিকারীর সম্ভাবনার ইঙ্গিত অনেক আগে থেকেই পাওয়া গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নপত্র দাখিলের সময় সঙ্গে থেকে বার্তা দিয়েছিলেন। এরপর প্রচার পর্বে তিনি জানিয়েছিলেন, বিজেপি’র মুখ্যমন্ত্রী, হবেন বাংলা মিডিয়ামে পড়া বাংলারই ভূমিপুত্র। আর সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে দেয়া পুরো পৃষ্ঠার বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি জাতীয় সভাপতি নিতিন নবীন ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পাশে আর একজনেরই ছবি দেখা গিয়েছে। তিনি হলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই ইঙ্গিতটা স্পষ্ট। অবশ্য মিডিয়াতে আরও দুই-তিনটি নাম নিয়ে আলোচনা চলছে। তাদের অন্যতম রাজ্যসভার সদস্য ও রাজ্য বিজেপি’র সভাপতি শমীক ভট্টাচার্য এবং আসানসোল থেকে নির্বাচিত দলের ভাইস প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পাল। এ ছাড়াও তালিকায় রয়েছেন, দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্তও।
