বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে দীর্ঘ চার বছরেরও বেশি সময় কাটান হ্যাভিয়ের কাবরেরা। গত ৩০শে এপ্রিল এ স্প্যানিশ কোচের বাংলাদেশ অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। বিদায়বেলায় বাংলাদেশে কাটানো দিনগুলো স্মরণ করে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে পোস্ট করেন কাবরেরা। বিদায়ী সেই বার্তায় কাবরেরা লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হতে চলেছে। চার বছর চার মাস, যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচ হিসেবে দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি যার প্রতিটি সেকেন্ড সার্থক ছিল।’
কাবরেরার কোচিংয়ে বাংলাদেশ দল ৩৯টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ১০টিতে জয় পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছানো এবং ২২ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে অফিসিয়াল ম্যাচে হারানো। ২০১৬ সালের পর ফিফা র?্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোকেও বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। কাবরেরা বলেন, ‘আমরা একসঙ্গে একটি শক্তিশালী পরিচয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করেছি, যা আমাদের মহাদেশের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে লড়াই করার সামর্থ্য জুগিয়েছে।’ তরুণদের সুযোগ দেয়ার ক্ষেত্রে কাবরেরা ছিলেন বেশ সাহসী।
তার সময়ে অনূর্ধ্ব-২৩ দলের ২১ জন খেলোয়াড়ের জাতীয় দলে অভিষেক হয়েছে। বিষয়টিকে গর্বের সঙ্গে উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি, তা নিয়ে আমি বিশেষভাবে গর্বিত। এটি এশিয়ার অন্যতম কনিষ্ঠ জাতীয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।’
বিদায়বেলায় কৃতজ্ঞতা প্রকাশ করে কাবরেরা বলেন, ‘আমি গভীর কৃতজ্ঞতা ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ফুটবল সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে এবং এর সেরা মুহূর্তগুলো আসা এখনো বাকি।’ এদিকে কাবরেরার বিদায়ের পর বাফুফে এখন নতুন কোচের সন্ধানে ব্যস্ত। জানা গেছে, কয়েকদিনের মধ্যেই বাফুফে নতুন প্রধান কোচের নাম চূড়ান্ত করে ঘোষণা করতে পারে।
