‘ভাইরাল’ ট্রেন্ডে ঝুঁকছে ইন্ডাস্ট্রি, উঠে আসছে না মানসম্পন্ন গান

ফন্ট সাইজ:

ক্যাসেট ও সিডি’র যুগ পেরিয়ে গত কয়েক বছর ধরেই ডিজিটাল মাধ্যমে প্রকাশ হচ্ছে গান। আগে একটি ক্যাসেট কিংবা সিডিতে ১০-১২টি গান থাকতো। এখন প্রকাশ হচ্ছে একটি গান। তাই গান তৈরির পেছনের মানুষরাও একটি গানকেই ‘হিট’ তকমা দিতে জোরেশোরেই কাজ করে থাকেন। ডিজিটাল মাধ্যমের সঙ্গে বেড়েছে ভাইরাল গান ও শিল্পীর সংখ্যা। প্রযোজনা প্রতিষ্ঠান ও নতুন শিল্পীরাও এই ট্রেন্ডেই বেশির ভাগ গা ভাসাচ্ছেন। একটি গান ভাইরাল করতে যা কিছু করা লাগে তাই করা হচ্ছে।

এক্ষেত্রে ভাইরাল কথা-সুর ও ভিডিওর প্রতি বেশি গুরুত্ব দেয়ায় কমে এসেছে মানসম্পন্ন গানের সংখ্যা। যে হাতেগোনা মানসম্পন্ন গান প্রকাশ হয়, তাও চাপা পড়ে যায় প্রচার ও প্রসারের অভাবে। এভাবেই এখন এগুচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি। অডিও, সিনেমা কিংবা নাটকেও ‘ভাইরাল’ ট্রেন্ডে ঝুঁকছে সবাই। যদিও সেসব গান খুব বেশিদিন স্থায়ী হতে পারছে না। মূলত এ কারণেই নতুন কোনো গান উঠে আসছে না। কিংবা স্থায়ী হওয়ার মতো গান তৈরি হচ্ছে খুব কম, প্রচারের আলোয় না আসার কারণে অনেক গান হারিয়েও যাচ্ছে। নতুন ভালো গান উঠে না আসার প্রকৃত কারণ কি মনে হয়? উত্তরে গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, এখন সবারই শিল্পী হতে হবে এমন ট্রেন্ড চলছে। কেউ গান পারুক, শিখে আসুক আর না আসুক। সঙ্গে চলছে ভাইরালের প্রতিযোগিতা।

পুরনো অনেকে গ্রামের পালা গানকে সম্বল করে মডার্ন পোশাকে বিট সম্মৃদ্ধ ঝাঁকানাকা নাচের সুরে হৈ চৈ করে। কিন্তু গানটাই শোনা যায় না। শ্রোতা কি কিছু শোনে? তালটা জমপেস বলে গান গাওয়াটা মুখ্য আর থাকে না। কি বলে কি শোনে শ্রোতা ও গায়ক-গায়িকা নিজেরাও বোঝে না। একটি এলোপাতাড়ি অবস্থা! এখন এটাই স্বাভাবিক! সেখানে মৌলিক গান তো প্রয়োজনীয়তা হারাবেই! তবে আগাছা সবসময় এভাবেই বিস্তার করেই। যতক্ষণ না কাটা যায় আগাছা, ততক্ষণ বাগানের আসল সৌন্দর্য দেখা সম্ভব না।

আমি মনে করি যতই ভাইরাল গান ও শিল্পী আসুক না কেন, এটা সাময়িক। ভালো গান হয়তো কম হচ্ছে। তবে ভালো শিল্পী ও ভালো গান চিরস্থায়ী। মানসম্পন্ন গানই শেষ পর্যন্ত টিকে থাকে। হাল সময়ের সফল কণ্ঠশিল্পী ইমরান এ বিষয়ে বলেন, ভাইরালের পেছনে ছোটাটাকে আমার বোকামি মনে হয়। ভালো গান হলে মানুষ এমনিতে শুনবে। আর সবচেয়ে বড় কথা হলো সেটা টিকে থাকবে। ভালো গানগুলোকে আসলে সময়ের হাতে ছেড়ে দিতে হবে। সময়ই ঠিক করবে সব।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন