গাকৃবিতে ইমপ্যাক্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান খুঁজে বের করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আইটি সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আইডিয়া-ভিত্তিক প্রতিযোগিতা ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’। দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও সমস্যা সমাধানমুখী চিন্তার ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত সেরা ৫টি দল গত গতকাল গাকৃবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এর মধ্যে দুইটি দল ভার্চ্যুয়ালি অংশ নিয়ে সফলভাবে তাদের পিচ সম্পন্ন করে। প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে গাকৃবির টিম ‘ভলটিক্স’ চ্যাম্পিয়ন ও ‘ফোকাস ইনোভেটর’ রানারআপ এবং বাকৃবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ সমন্বয়ে গঠিত টিম ‘ফিনিক্স’ দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন- গাকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, ড. সাত্ত্বিকেশ পাল এবং বিএম রোকনুজ্জামান লাভা। প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজন করা হয় ‘সকলের জন্য উদ্ভাবন ও টেকনোলজি’- শীর্ষক একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা, যেখানে প্রযুক্তির সহজলভ্যতা, সামাজিক প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. হুমায়ুন কবির, ড. সাত্ত্বিকেশ পাল, বিএম রোকনুজ্জামান লাভা এবং মাহমুদ আল হাসান বিভোর।

আলোচনাটি সঞ্চালনা করেন আইটি সোসাইটির সাধারণ সম্পাদক রুদ্রনীল মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন- আধুনিক বিশ্বের জটিল সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের বিকল্প নেই এবং শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ শরিফ রায়হান, পরিচালক (ছাত্রকল্যাণ) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। অতিথিবৃন্দের বক্তব্যের পর বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন