ফরিদপুরের সেই এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের সেই এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

ফেসবুকে লাইভ করে মব সৃষ্টির পর গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের এতিম শিশু মুসলিমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এসেছেন উল্লেখ করে ওই শিশুর লালন-পালনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় তাৎক্ষণিকভাবে ওই শিশুর দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন। এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস ঘোষ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে জেলার নগরকান্দার উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়ায় মব সৃষ্টি করে ট্রাকচালক হান্নান শেখকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও দুই ট্রাক হেলপার আহত হয়ে নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন