নোয়াখালীর চাটখিলের (কচুয়া-চৌমুহনী) খালের উপর নির্মিত প্রায় শত বছরের পুরনো ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বহু বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজের পাটাতন ও পিলারে ফাটল দেখা দিয়ে বিভিন্ন জায়গায় আস্তর ভেঙে পড়েছে। কোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরজমিন দেখা যায়- উপজেলার সাহাপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের ছমি পাটোয়ারী বাড়ির সামনে কচুয়া-চৌমুহনী খালের উপর নির্মিত ব্রিজটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার শত শত মানুষ। ব্রিজটি উঁচু ও দুই পাশে রেলিং না থাকায় সতর্কভাবে চলাচল করছে অটো-সিএনজি ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন।
স্থানীয়রা জানায়- ব্রিজটি দিয়ে প্রতিদিন প্রসাদপুর ও শিবরামপুরসহ আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষের পাশাপাশি শিবরামপুর প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোমপাড়া উচ্চ বিদ্যালয়সহ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। শিবরামপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম, মো. ওমর ফারুক ও নাসির উদ্দীন পারভেজ জানায়, ব্রিজটি উঁচুর কারণে প্রায় ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটছে। ব্রিজটির স্থায়িত্বকাল অনেক আগেই শেষ হয়ে গিয়েছে।
যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.আবদুল্লাহ খোকন জানান, ব্রিজটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ। পরিষদের হাতে এসব ব্রিজ নির্মাণের কোনো বাজেট নেই। তাই উপজেলা পিআইও অফিসকে অবগত করেছি। উপজেলা প্রকৌশলী মো. শাহিনুর আলম বলেন- ব্রিজটির সংযোগ সড়কটি এলজিইডি’র হয়ে থাকলে আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ পাঠাতে পারবো।
