পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন রাজারহাট-নিউটাউন আসনে জয়ের পথে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। সোমবার ১৭ রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে বলে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে জানানো হয়েছিল। সেই সময় রাজারহাট-নিউটাউন আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় ১৭ রাউন্ড গণনা শেষে পেয়েছিলেন ১ লাখ ৬ হাজার ২৫০টি ভোট। আর বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়া পেয়েছিলেন ১ লাখ ৫ হাজার ৯২৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল ৩২৮ ভোট। তৃণমূল প্রার্থী এগিয়ে ছিলেন।
তবে জানা গেছে, এই অবস্থায় তাপস চট্টোপাধ্যায় নাকি নিজেই শেষ রাউন্ড গণনার আগে পুনর্গণনার দাবি তোলেন। সেই মতো মঙ্গলবার শুরু হয় কয়েকটি বুথ এবং পোস্টাল ব্যালটের পুনর্গণনা। দুপুর নাগাদ জানা যায়, ১৮ রাউন্ড গণনা শেষে ৩০৯ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী। এটিই সম্ভবত সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ের রেকর্ড এবারের নির্বাচনে। এদিকে এই ফলাফল বদলের ফলে বিজেপির আসন সংখ্যা বেড়ে ২০৭ হয়েছে আর তৃণমূল কংগ্রেস নেমে গেছে ৮০-তে।
