ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচারে ‘ব্ল্যাকআউট’

ভারত ও চীনে বিশ্বকাপ সম্প্রচারে ‘ব্ল্যাকআউট’

ফন্ট সাইজ:

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে বাকি এক মাসের কিছু বেশি সময়। তবে এখনও বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশভারত ও চীনে টুর্নামেন্টটি টেলভিশনের দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফিফার সঙ্গে সম্প্রচার স্বত্ব নিয়ে বনিবনা না হওয়ায় কোটি কোটি ফুটবল ভক্ত এখন ‘ব্ল্যাকআউট’ বা খেলা দেখতে না পারার আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

ভারতে রিলায়েন্স এবং ডিজনির যৌথ উদ্যোগ ২০২৬ বিশ্বকাপের জন্য ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। তবে ফিফার কাছে এই অঙ্কটি একেবারেই ক্ষুদ্র মনে হয়েছে। রয়টার্সের সূত্রমতে, ফিফা শুরুতে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য ভারত থেকে ১০০ মিলিয়ন ডলার দাবি করে। পরবর্তীতে দাবি কমিয়ে আনলেও, রিলায়েন্সের ২০ মিলিয়ন ডলারের প্রস্তাবে তারা এখনও ইতিবাচক সাড়া দেয়নি। ভারতের আরেক বড় মাধ্যম সনি এই দৌড় থেকে ছিটকে গেছে আগেই। অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে বৈশ্বিক ডিজিটাল ভিউয়ারশিপের প্রায় অর্ধেক (৪৯.৮%) এসেছিল চীন থেকে। সেখানেও এখনও কোনো প্রকার চুক্তি চূড়ান্ত হয়নি। সাধারণত চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি অনেক আগেভাগেই স্বত্ব নিশ্চিত করে প্রচারণা শুরু করে, যেমনটা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে দেখা যায়। তবে এবার সেই চিরচেনা চিত্র অনুপস্থিত।

আগামী ১১ই জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের সম্প্রচার পরিকাঠামো তৈরি এবং বিজ্ঞাপন বিক্রির জন্য হাতে আছে মাত্র পাঁচ সপ্তাহ। সময় ফুরিয়ে এলেও কেন এই অচলাবস্থা? বিজ্ঞাপন সংস্থা ডেন্তসু ইন্ডিয়ার স্পোর্টস পার্টনার রোহিত পোতফোড়ে পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘হাতে বেশি সময় নেই। তবে একে আমি এখনও অচল দশা বলব না। এটি অনেকটা দাবা খেলার শেষ মুহূর্তের মতো, যেখানে মাত্র গুটিকয়েক চাল বাকি আছে। অন্যদিকে, রয়টার্সের সূত্রমতে, ভারতে ক্রিকেটের মতো ফুটবলের বাণিজ্যিক গুরুত্ব এখনও সেভাবে পোক্ত হয়নি। এক কর্মকর্তা স্পষ্ট করেই বলেন, ‘ভারতে ফুটবল এখনও একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ।’

ভারতে এই অনীহার পেছনে বড় কারণ হলো সময়ের ব্যবধান। উত্তর আমেরিকায় হতে যাওয়া ম্যাচগুলো ভারতে সম্প্রচারিত হবে মাঝরাতের পর। রিলায়েন্স-ডিজনির মতে, এতে দর্শক সংখ্যা কম হতে পারে। এছাড়া চলমান বৈশ্বিক অস্থিতিশীলতা এবং ইরান যুদ্ধের প্রভাবে বিজ্ঞাপনের বাজারে মন্দাও বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন