নাটকীয় ড্রয়ে আর্সেনালকে শিরোপার সুবাস পাইয়ে দিলো সিটি

নাটকীয় ড্রয়ে আর্সেনালকে শিরোপার সুবাস পাইয়ে দিলো সিটি

ফন্ট সাইজ:

চলতি ইংলিশ প্রিমিয়ার লীগ মৌসুমে রোমাঞ্চের শেষ নেই। সোমবার হিল ডিকিনসন স্টেডিয়ামে যা ঘটে গেল, তাকে স্রেফ ফুটবল ম্যাচ বললে ভুল হবে। এটি ছিল ১৩ মিনিটের এক মহাপ্রলয়। এভারটনের মাঠে অন্তিম মুহূর্তের গোলে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করলো ম্যানচেস্টার সিটি। তাতে ২২ বছর পর গানারদের শিরোপার সুবাস পৌঁছে দিলো সিটিজেনরা।

পয়েন্ট টেবিলের সমীকরণ এখন মিকেল আর্তেতার আর্সেনালের অনুকূলে। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। ব্যবধান ৫ পয়েন্টের। পেপ গার্দিওলার শিষ্যদের সামনে এখন কেবল নিজেদের জয়ই যথেষ্ট নয়, তাকিয়ে থাকতে হবে আর্সেনালের পা হড়কানোর দিকে।

ম্যাচের প্রথমার্ধে জেরেমি ডোকুর বাঁ পায়ের শটে এগিয়ে যায় সিটিজেনরা। তবে বিরতির পর শুরু হয় সেই ‘১৩ মিনিটের মহাপ্রলয়’। জানুয়ারিতে আসা মার্ক গেহির মারাত্মক ভুলে গোল উৎসব শুরু করেন ফরাসি স্ট্রাইকার থিয়ের্নো ব্যারি। এরপর জেক ও’ব্রায়েনের বুলেট হেডে গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ব্যারি নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। ২ কোটি ৭০ লাখ পাউন্ডের এই ফরোয়ার্ডকে নিয়ে মৌসুমের শুরুতে হওয়া উপহাসগুলো যেন এক নিমিষেই মিলিয়ে যায়।

ম্যাচ শেষে বিধ্বস্ত গুয়ার্দিওলা অকপটে স্বীকার করেন কঠিন বাস্তবতাকে। তিনি বলেন, ‘এখন এটি (শিরোপার লড়াই) আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন আর নেই। লীগে আমাদের চারটি ম্যাচ বাকি আছে। সেগুলো প্রায় একই রকম হবে এবং আমরা দেখব, কী হয়...।’ যোগ করা সময়ে ডোকুর দ্বিতীয় গোলটি সিটিকে হার থেকে বাঁচালেও স্বস্তি ফেরাতে পারেনি। তবে হাল ছাড়তে নারাজ সিটিজেনদের জোড়া গোলদাতা ডোকু। তিনি বলেন, ‘এটি যন্ত্রণাদায়ক। তবে এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে এবং যে কোনো কিছুই ঘটতে পারে। আমরা লড়াই চালিয়ে যাবো।’

মজার বিষয় হলো, মিকেল আর্তেতাকে একসময় স্পেন থেকে এভারটনে নিয়ে এসেছিলেন ক্লাবটির বর্তমান কোচ ডেভিড ময়েস। আজ সেই ময়েসের এভারটনই যেন প্রিয় ছাত্রের হাতে প্রিমিয়ার লীগ শিরোপা তুলে দেয়ার মঞ্চ তৈরি করে দিলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন