বিজেপি’র জয়ের নেপথ্যে যে যে কারণ কাজ করেছে

ফন্ট সাইজ:

অপ্রত্যাশিতভাবে দু’শোর বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু কোন ম্যাজিকে এই গেরুয়া ঝড়? গোটা উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিজেপি তাদের শক্ত ঘাঁটিকে আরও পোক্ত করেছে। দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের দুর্গেও বিজেপি এক চেটিয়া আধিপত্য বিস্তার করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের সব আসনে বিজেপি জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু আসনে আধিপত্য বজায় রাখতে পেরেছে। পর্যবেক্ষকদের মতে, নারী ভোটাররা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সাফল্যের মেরুদণ্ড হয়ে ছিল।

গত এক দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটব্যাংককে নজরে রেখে নারীদের জন্য একাধিক কল্যাণ প্রকল্প চালু করেছেন, যার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সরাসরি নগদ অর্থ প্রদান কর্মসূচি এবং নারীদের সহায়তার জন্য কন্যাশ্রী প্রকল্প। তবে এবারের নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি তাদের নির্বাচনী প্রচারণায় নারীকেন্দ্রিক প্রণোদনা এবং কল্যাণ প্রকল্পগুলোকে কেন্দ্র করে জোরদার প্রচার চালিয়েছে। আর জি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যা মামলাটিও এই নির্বাচনে একটি বড় ইস্যু হয়ে ওঠে। বিজেপি নারীদের নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে। বিজেপি পানিহাটি আসন থেকে আরজিকর হাসপাতালের নির্যাতিতার মাকেও টিকিট দিয়েছে। এসবই নির্বাচনে সুফল তুলতে বিজেপিকে সহায়তা করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সেই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার আবেগও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রবল ছিল। তাছাড়া অনুপ্রবেশ ইস্যু ও দুর্নীতির মতো ইস্যুগুলো নিয়ে বিজেপি যেভাবে প্রচার করেছিল তা ভোটারদের অনেকটাই প্রভাবিত করেছে বলে মনে হচ্ছে। অন্যদিকে তাদের মতে, মুসলিম ভোট প্রবল হারে পড়লেও তা নানা ভাগে বিভক্ত হয়েছে। ফলে ঐক্যবদ্ধভাবে মুসলিম ভোটের যে সমর্থন তিনি এতদিন পেয়েছেন তা এবার সম্ভব হয় নি। তবুও মুর্শিদাবাদ, মালদহ ও দিনাজপুরের বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেস মুসলিমদের সমর্থন পেয়েছে ভালো ভাবেই।

নির্বাচনে রেকর্ড ৯২ শতাংশের বেশি ভোট পড়াকে তৃণমূল কংগ্রেস নেত্রী আশার লক্ষণ বলে মনে করলেও এখন স্পষ্ট হয়েছে এসআইআর ভীতিতে ভোটের রেকর্ড হলেও তা মমতার দিকে যায় নি। বরং হিন্দু ভোটের সমর্থনের বড় অংশই বিজেপি’র দিকে গিয়েছে। বিজেপি’র মেরূকরণের রাজনীতি সেখানে বেশ সফল হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন