উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন উর্দুভাষী জনগোষ্ঠীরা। সভায় বক্তারা বলেন, উর্দুভাষীদের পুনর্বাসনে বিশেষ কমিশন গঠন করতে হবে। ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের সরকারের চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। গতকাল রাজধানীর দ্য ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে কাউন্সিল অফ মাইনোরিটিজ এর আয়োজনে সভায় জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ ইব্রাহিম। কাউন্সিল অফ মাইনোরিটিজের নির্বাহী পরিচালক খালিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- সাদাকাত খান ফাক্কু, শাহেদ আলী বাবলু, ওসামা রহমান ইয়াসহাব, মাজহারুল ইসলামসহ মোহাম্মদপুর ও মিরপুরের বিভিন্ন ক্যাম্পের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে প্রায় তিন লাখ উর্দুভাষী নাগরিক ঢাকাসহ ৯টি জেলার ১১৬টি ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। আধুনিক মৌলিক সুযোগ-সুবিধার অভাবে তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। জনসংখ্যা বাড়লেও ক্যাম্পের পরিধি না বাড়ায় ছোট ছোট কক্ষে একাধিক প্রজন্মকে গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে।
মূল বক্তা আহমেদ ইব্রাহিম বলেন, উর্দুভাষীদের জীবনমান উন্নয়নে ক্যাম্পজীবনের অবসান ঘটিয়ে দ্রুত পুনর্বাসনের বিকল্প নেই।
সাদাকাত খান ফাক্কু বলেন, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই ক্যাম্প উচ্ছেদ করা যাবে না।
খালিদ হোসেন বলেন, উর্দুভাষীদের স্থায়ী উন্নয়নের জন্য একটি বিশেষ কমিশন গঠন এবং জাতীয় বাজেটে বরাদ্দ দিতে হবে। পাশাপাশি মোহাজিরদের জন্য নির্ধারিত ৩৪ হাজার একর জমি শনাক্ত ও পুনরুদ্ধার করে তা বিতরণের আহ্বান জানান। এছাড়া ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের সরকারের চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তিনি।
সভায় বক্তারা দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে উর্দুভাষী জনগোষ্ঠীর মানবিক জীবন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
