তিনদিনের মধ্যে চূড়ান্ত হবে হামজা-জামালদের কোচ

তিনদিনের মধ্যে চূড়ান্ত হবে হামজা-জামালদের কোচ

ফন্ট সাইজ:

গত মাসেই শেষ হয় সাবেক কোচ হাভিয়ের কাবরেরার ৪ বছরের মেয়াদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। প্রধান কোচের পদের জন্য বাফুফে’র গঠিত যাচাইবাছাই কমিটি তিনশ’র অধিক আবেদন থেকে ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল। যেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার কোচদের নামও ছিল।

সেই ২২ জনের তালিকা ১০ জনে নামিয়ে এনেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। এই ১০ জনের মধ্যে থেকেই আগামী তিন দিনের মধ্যে একজনকে বেছে নিবে বাফুফে। গতকাল ফর্টিস ডাউনটাউন রিসোর্টে ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচ বাছাই কমিটির চূড়ান্ত করা শর্ট লিস্ট নিয়ে আমরা বসেছিলাম। সেখান থেকে ন্যাশনাল টিমস কমিটি ১০ জনের তালিকা করেছে। এই কোচদের সঙ্গে আলাপ আলোচনা করেই আগামী তিন দিনের মধ্যে একজনকে চূড়ান্ত করা হবে।’

জানা গেছে বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের ‘প্রো-লাইসেন্স’, এশিয়াতে কাজের অভিজ্ঞতা এবং টেকনিক্যাল দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। গোলকিপিং কোচ নিয়ে বাবু বলেন, ‘আমরা প্রাধান্য দিচ্ছি আগে কোচকে। কোচের সঙ্গে আলাপ করে তার যদি কোনো প্যানেল থাকে, যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ বা ফিটনেস কোচ থাকে, সেটাকে আমরা প্রাধান্য দেবো।’

এদিকে ১লা জুন মালদ্বীপে শুরু হবে চারজাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়া স্বাগতিক মালদ্বীপের সঙ্গে টুর্নামেন্টে খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। জাতীয় দলকে সান মারিনো পাঠিয়ে এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দল পাঠাতে চেয়েছিল বাফুফে। অনূর্ধ্ব-২৩ দলের জন্য আবাহনীর মারুফুল হককে চূড়ান্তও করেছিল বাফুফে। তবে গতকালের সভায় সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে তারা। এখন দুটি জাতীয় দল তৈরি করে একটি মালদ্বীপ ও অপরটি সান মারিনো পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ন্যাশনাল টিমস কমিটির অন্যতম সদস্য শাহাদাত হোসেন বলেন, ‘আমরা শুরুতে অনূর্ধ্ব-২৩ দলকে মালদ্বীপ পাঠাতে চেয়েছিলাম। কিন্তু মালদ্বীপের অনুরোধে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইছি শক্তিশালী জাতীয় দলই সেখানে পাঠাতে। এজন্য আমরা দুটি জাতীয় দল তৈরি করবো।’ দল গঠনের পক্রিয়া কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা জানেন এবারের লীগ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হচ্ছে। অনেক লোকাল ফুটবলার ভালো করছে। তাদের নিয়ে খুব সহজেই আমরা দুটি দল করতে পারবো। তবে হামজা-শমিত সোমরা সান মারিনো যাবেন। কিছু প্রবাসী ফুটবলারকে আমরা মালদ্বীপ পাঠাবো।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন