প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। সাড়ে ১০টা থেকে বৈঠকটি চলে দুই ঘণ্টা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাসের কথাও প্রধানমন্ত্রী বলেছেন। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।

বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন