চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা

ফন্ট সাইজ:

চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার বেলা ২টায় বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা। মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন সরকার গঠনের পর এই প্রথম উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদল বেইজিং সফরে যাচ্ছেন। জানা গেছে, ৫ই মে শুরু হওয়া মন্ত্রী ও উপদেষ্টার এই সফর শেষ হবে ৭ই মে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা ড. খলিলের প্রথম চীন সফর। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেইজিং সফর করেছিলেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শাখা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ড. খলিলের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিষেশজ্ঞরা। চব্বিশের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধিদল চীন যাচ্ছেন। এ নিয়ে ঢাকার কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর হিসেবে প্রথম কোন দেশের অতিথি হবেন তা এই সফরের পরই নির্ধারিত হবে।

এই সফর কাজে লাগিয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছে বেইজিং। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবেই বন্ধুত্বপূর্ণ। দুই দেশই একে অপরের কৌশলগত অংশীদার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই সফরকে একটি সুযোগ হিসেবে কাজে লাগিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরালো করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন