দেবিদ্বারে সাব্বির হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

দেবিদ্বারে সাব্বির হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সকাল ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান। গ্রেপ্তার মো. মোকবল হোসেন মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক এমপি মো. আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাও করেÑ ওই সময় অটোচালক আমিনুল ইসলাম সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১দিন পর মারা যায়। পরে ওই বছরের ৮ই সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজহারভুক্ত আসামি ছিলেন মুকুল চেয়ারম্যান।

গ্রেপ্তারের সময় চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল তার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি কোনো অন্যায়-অপরাধ করিনি, আমি জুলুমের শিকার হয়েছি। চেয়ারম্যান হওয়ার পর এলাকার কেউ বলতে পারবে না আমি কারও ওপর কোনো অন্যায়-অত্যাচার করেছি। আমাকে অন্যায়ভাবে হত্যা মামলা দেয়া হয়েছে। আমি ওই মামলা সম্পর্কে কিছুই জানি না। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুুুকুলকে তার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন