দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৯

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ ও ময়মনসিংহে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিন নারী এক শিশুসহ ৯ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জালালপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্ঘটনা দুটি ঘটে।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে জালালপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার মনতলা সমিতিঘর নামক স্থানে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহত তিন নারী হলেনÑ ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদরের রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১)। অপর একজন অটোচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝপথে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৩ নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পর অটোচালক মারা যান। গুরুতর আহত আরও দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন