সিরাজগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বায়েজিদ হোসেন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগানে পানি দেয়ার সময় এ ঘটনা ঘটে। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বায়েজিদ হোসেন সারটিয়া কলেজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের তিনতলা ভবনের ছাদ বাগানে বায়েজিদসহ ৪-৫ জন শিক্ষার্থী পানি দিচ্ছিল। কিন্তু পানি দেয়ার একপর্যায়ে বায়েজিদ হঠাৎ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্কুলের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
