হাইকোর্টের আদেশ অমান্য করে সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে বেআইনিভাবে গত ২৬শে মার্চ থেকে তালাবদ্ধ কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকানসমূহ অবিলম্বে খুলে দেয়ার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের সাতটি দোকান বন্ধ করে দেয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। অনতিবিলম্বে বন্ধ দোকানগুলো খুলে দিয়ে ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন সিলেটের দোকান মালিকসহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেনÑ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল। মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেনÑ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইস আলী, সহ-সভাপতি আক্তার হোসেন সুহেল, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সাধারণ সম্পাদক মনজুর আহমদ প্রমুখ।
