মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের স্মারকলিপি

ফন্ট সাইজ:

জেলার হাকালুকি, কাউয়াদিঘি ও হাইল হাওরের সোনালী ফসল বোরো ধান, কৃষক, কৃষি ও হাওর রক্ষায় ৪ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার। গতকাল দুপুরে হাওর রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে তারা বলেন- টানা ভারী বর্ষণ ও অতিবৃষ্টির কারণে বাংলাদেশের হাওরাঞ্চলের বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকরা সর্বস্বান্ত হয়ে দিশাহারা। এখনো বৈরী আবহাওয়া অব্যাহত রয়েছে। বর্ণিত অবস্থায় সরকারকে আন্তরিকতার সঙ্গে মৌলভীবাজার জেলার ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর দাবি জানাচ্ছি। তার পাশাপাশি ধান উৎপাদনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ‘মনু সেচ প্রকল্প’র আওতাধীন কৃষকদের জরুরি ভিত্তিতে সহযোগিতার দাবি জানাচ্ছি। মনু সেচ প্রকল্প একটি জাতীয় প্রতিষ্ঠান।

কুশিয়ারা নদীর পানি পরিমিত থাকলে এ প্রকল্পের কাশেমপুর পাম্প হাউজের ৮টি পাম্প একসঙ্গে চালু করলে ভরা কাউয়াদিঘি হাওরও ৪৮ ঘণ্টায় শুকিয়ে ফেলা সম্ভব। পাম্প সচল রাখতে প্রয়োজনীয় ৩ মেগাওয়াটস বিদ্যুৎ জাতীয় গ্রিড থেকেই সরবরাহ ঠিক রাখা। জেলা প্রশাসন ত্বরিত গতিতে চা বাগান মালিক-ম্যানেজারদের সঙ্গে সমন্বয় করে চা বাগানের পার্টটাইম শ্রমিক ও কর্মহীন শ্রমিকদের হাওরে ডেপুট করা। রোদের আলো না থাকায় ইতিমধ্যে কৃষকের সংগ্রহকৃত বোরো ধানের গোলা কৃষকের বাড়ির ঘরে, আঙ্গিনায় এবং রাস্তায় পচে যাওয়ার উপক্রম হয়েছে।

জেলার সবক’টি অটোরাইস মিল মালিকদের নির্দেশ প্রদান করে এই ধান দ্রুততার সঙ্গে চালে রূপান্তরের ব্যবস্থা করা। এরই সঙ্গে কাশেমপুর পাম্প হাউজের সম্মুখে নয় হাওরের ১২ মাসের পানির লেভেল নির্ধারণের জন্য জেলা প্রশাসন, পাউবো এবং হাওর রক্ষা আন্দোলনের সমন্বয়ে যৌক্তিক পরামর্শের ভিত্তিতে প্রকল্পভুক্ত হাওরের মাঝখানে (হাওয়া বিলে অথবা ফাটা শিংরা বিলে) নির্ধারণ করা।

জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের আহ্বায়ক পরিবেশ ও সমাজকর্মী আ. স. ম ছালেহ সুহেল, সদস্য সচিব এম. খছরু চৌধুরী, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, নুরুল ইসলাম ফয়ছল, শাহীন ইকবাল, দেওয়ান মুনাক্বির চৌধুরী, কৃষক নেতা হারুনুর রশীদ নোমান, বাসদ নেত্রী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী ও সিপিবি নেতা জহর লাল দত্ত প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন