শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর কাঁচাবাজারে আধুনিক কিচেন মার্কেট নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ-সমর্থিত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে পৌরবাসীর মাঝে।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে এমজিএসপি প্রকল্পের আওতায় প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে দাউদনগর কাঁচাবাজারে একটি আধুনিক কিচেন মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। নিয়ম অনুযায়ী টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়। তবে বাজারের সরকারি জমিতে থাকা অবৈধ দখলদারদের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করতে পারছে না। এ নিয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন একাধিকবার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।
বৈঠকে ব্যবসায়ীরা জায়গা ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও এখনও দখল করে রেখেছে। সর্বশেষ রোববার বিকালে পৌরসভা কার্যালয়ে প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকের কথা থাকলেও অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা মনির মিয়ার নেতৃত্বে একটি চক্র ব্যবসায়ীদের সেখানে যেতে বাধা দেয় এবং দখল না ছাড়তে উসকানি দেয়। এতে করে কিচেন মার্কেট নির্মাণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় ক্রেতারা জানান, দাউদনগর কাঁচাবাজারে সামান্য বৃষ্টি হলেই চরম দুর্ভোগ পোহাতে হয়। কাদাপানিতে ভিজে কেনাকাটা করতে হয় ক্রেতা-বিক্রেতাদের, যা দীর্ঘদিনের ভোগান্তির কারণ। পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই মার্কেট নির্মাণ অত্যন্ত জরুরি। কিন্তু একটি চক্র উন্নয়নকাজে বাধা দিচ্ছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ঠিকাদারি প্রতিষ্ঠান সাদাত ট্রেডার্সের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি বলেন, কাজের দায়িত্ব পাওয়ার পরও দখলদারদের কারণে আমরা কাজ শুরু করতে পারছি না। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলী জিসান আলম জানান, জমি ছাড়ার বিষয়ে রোববার বিকালে প্রশাসকের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হওয়ার কথা থাকলেও তারা আসেনি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
