কিশোরগঞ্জে পচা ডিম ও নিম্নমানের খাবার নিয়ে স্কুল ফিডিং প্রকল্পে ক্ষোভ

কিশোরগঞ্জে পচা ডিম ও নিম্নমানের খাবার নিয়ে স্কুল ফিডিং প্রকল্পে ক্ষোভ

ফন্ট সাইজ:

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পচা ডিম দেয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর আগে গত বৃহস্পতিবারও ওই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহ করা হয় বলে জানা গেছে। জানা যায়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। তবে অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার সরবরাহ করছে। অভিভাবক ও এলাকাবাসীর দাবি, শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের পচা ও নিম্নমানের খাবার দেয়া হয়েছে। একাধিকবার শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

মনোয়ার হোসেন নামে এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের পুষ্টির জন্য সরকার যেখানে উদ্যোগ নিয়েছে, সেখানে পচা খাবার দেয়া অত্যন্ত দুঃখজনক। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। আরেক অভিভাবক সালমা বেগম বলেন, এ ধরনের খাবার দেয়ার চেয়ে না দেয়াই ভালো। আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়বে। পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম জানান, শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণের পর অনেকগুলো পচা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেগুলো ফেরত নেয়া হয় এবং সরবরাহকারীকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা বেগম বলেন, পচা ডিম সরবরাহ করা গুরুতর অপরাধ। বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলতে হবে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন