চলতি মৌসুমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো ধান সোমবার পর্যন্ত ৬৫.৯৩ শতাংশ কাটা হয়েছে। জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ জেলায় মোট ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এরমধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৩৭৩ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।
জেলার হাওরাঞ্চলে ধান কাটা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৯৩ হেক্টর, যা মোট হাওর আবাদকৃত জমির ৭৭.২৬১ শতাংশ। অন্যদিকে নন-হাওর এলাকায় ধান কাটা হয়েছে ১৯ হাজার ৬৮০ হেক্টর, যার হার ৩৩.৭৯৪ শতাংশ।
সোমবার ১১ টায় জেলা প্রশাসন জানিয়েছে, এ জেলায় এখন পর্যন্ত মোট ২০ হাজার ১৬০ হেক্টর জমি প্লাবিত হয়েছে, যা মোট আবাদি জমির ৯.০১৯ শতাংশ। এরমধ্যে এখন পর্যন্ত ২ হাজার ৪৭ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চতুর্থ পর্যায়ে ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণের কাজ চলমান রয়েছে।
এদিকে, সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ২.১৮ মিটার নিচে এবং সুনামগঞ্জ পয়েন্টে ১.২৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার ইঙ্গিত দিচ্ছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) সমর কুমার পাল এ তথ্যের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ জেলার বিভিন্ন হাওরের ধান কাটার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’
