দেশ জুড়ে হাম ও রোগটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল, আর বাকি ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। ফলে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট শিশু-মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে।
এ ছাড়া গত একদিনে ৯৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৩১৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে নিশ্চিত মারা গেছে ৫০ জন। অন্যদিকে সন্দেহভাজন বা উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯৪।
হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬৫ জন। গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ২৪ হাজার ৯০ জন হাসপাতাল ছেড়ে গেছে।
